হবিগঞ্জে আনন্দ–উৎসব, সম্ভাব্য অর্থমন্ত্রী হিসেবে আলোচনায় রেজা
Led Bottom Ad

হবিগঞ্জে আনন্দ–উৎসব, সম্ভাব্য অর্থমন্ত্রী হিসেবে আলোচনায় রেজা

ফয়সল চৌধুরী,হবিগঞ্জ

১৬/০২/২০২৬ ১৬:১৫:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ–বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ–১ আসনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। নির্বাচনে তাঁর জয়ের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে—নতুন সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব কি তাঁকেই দেওয়া হতে পারে? এ সম্ভাবনার খবরে দুই উপজেলায় নেতা–কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ–উৎসবের আমেজ দেখা গেছে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে রেজা কিবরিয়া পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, দলটির বিদ্রোহী প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া পেয়েছেন ৩৪ হাজার ৬৩৭ ভোট।


নির্বাচনের শেষ দিনের প্রচারণায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ–৩ আসনে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ জি কে গউছ বলেন, দলীয় চেয়ারম্যান তারেক রহমান তাঁকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন—‘রেজাকে আমাদের প্রয়োজন, দলের প্রতিটি কর্মী যেন তাঁর পক্ষে কাজ করে।’ এ বক্তব্যের পর থেকেই রেজা কিবরিয়ার সম্ভাব্য মন্ত্রীত্ব নিয়ে আলোচনা জোরদার হয়।


এর আগে বিএনপিতে যোগদানের সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রেজা কিবরিয়ার যোগদান শুধু তাঁর নির্বাচনী এলাকা নয়, সারা দেশে ইতিবাচক প্রভাব ফেলবে। তাঁর মেধা ও দক্ষতা দলীয় কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। দলীয় শীর্ষ নেতাদের এমন মন্তব্যে রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে, তাঁকে বড় কোনো দায়িত্বে দেখা যেতে পারে।


প্রচারণাকালে সমর্থকদের মুখে শোনা গেছে, ‘এমপি চাই না, মন্ত্রী চাই।’ সেই স্লোগান এখন স্থানীয় রাজনৈতিক আলোচনার বিষয়।


দলীয় সূত্র বলছে, অর্থনীতি বিষয়ে দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা ও নীতিনির্ধারণী পর্যায়ে কাজের সক্ষমতার কারণে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বিবেচনা করা হতে পারে। রেজা কিবরিয়া দীর্ঘ সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল–এ কর্মরত ছিলেন। পাশাপাশি পাপুয়া নিউগিনি ও কম্বোডিয়া সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


রাজনীতিতে তিনি আগে গণফোরামের সাধারণ সম্পাদক ছিলেন। পরে নতুন রাজনৈতিক ধারায় যুক্ত হয়ে নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন এবং এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।


দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বৈদেশিক ঋণের চাপ, মুদ্রাস্ফীতি, রিজার্ভ সংকট ও রাজস্ব ঘাটতির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলছেন বিশ্লেষকেরা। সে প্রেক্ষাপটে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন অর্থনীতিবিদ হিসেবে রেজা কিবরিয়ার নাম আলোচনায় উঠে এসেছে।


নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা ছাবির আহমেদ চৌধুরী বলেন, সম্ভাব্য অর্থমন্ত্রী হওয়ার আলোচনা সামনে আসার পরই তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে রেজা কিবরিয়ার পক্ষে কাজ করেন। তাঁর প্রত্যাশা, দলীয় নীতিনির্ধারকেরা রেজা কিবরিয়ার যোগ্যতাকে যথাযথভাবে কাজে লাগাবেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad