সুনামগঞ্জে ছাত্রনেতা ইমনদোজ্জার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
Led Bottom Ad

সুনামগঞ্জে ছাত্রনেতা ইমনদোজ্জার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৬/০২/২০২৬ ২০:০১:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ইমনদোজ্জা আহমদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব রিদওয়ানুল হক নিহাল।

নেতারা জানান, গত ১৩ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ইমনদোজ্জার ওপর এই হামলা চালানো হয়। রিদওয়ানুল হক নিহাল একে "সুপরিকল্পিত রাজনৈতিক হামলা" হিসেবে অভিহিত করে এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, সন্ত্রাস ও দমননীতির মাধ্যমে আন্দোলনকারীদের কণ্ঠরোধ করা যাবে না।

সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি সুনামগঞ্জ শহরের সার্বিক নিরাপত্তা জোরদার এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, ঘটনাটিকে ব্যক্তিগত বিরোধ হিসেবে উপস্থাপন করা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা।

সংবাদ সম্মেলনে জাতীয় যুবশক্তির সুনামগঞ্জ জেলা শাখার সদস্য জিসান আহমদ রাহি, ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব শবনমদ্দোজা জ্যোতি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইমন আহমদ শিহাব এবং বিশ্বম্ভপুর উপজেলা আহ্বায়ক শরীফ হোসাইন মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad