রমজানে বাজারদর সহনীয় রাখতে সুনামগঞ্জে জেলা প্রশাসনের কঠোর হুঁশিয়ারি
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে সুনামগঞ্জের ব্যবসায়ী সমাজের সাথে কঠোর ও সতর্কতামূলক মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, "রমজানে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে পণ্যের কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক এবং পাইকারি ও খুচরা মূল্যের যৌক্তিক ব্যবধান বজায় রাখতে হবে।"
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ এবং ক্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট বিভাগীয় সভাপতি জামিল চৌধুরী। এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ক্যাব নেতৃবৃন্দ এবং শহরের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ব্যবসায়ীরা প্রশাসনের নির্দেশনার প্রতি একাত্মতা প্রকাশ করে রমজানে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দেন। তবে পরিবহন খরচ ও আমদানিতে কোনো জটিলতা থাকলে তা নিরসনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।
সভায় জানানো হয়, বাজার স্থিতিশীল রাখতে রমজান মাসজুড়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: