কাজ না হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
হাওর রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে উত্তাল সুনামগঞ্জ
সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ধীরগতির প্রতিবাদে রাজপথে নেমেছে ‘হাওর বাঁচাও আন্দোলন’। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) আয়োজিত এক বিশাল মানববন্ধনে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা।
মানববন্ধনে বক্তারা পাউবোর তথ্যের সাথে মাঠের বাস্তবতার বড় ধরনের ফারাক থাকার অভিযোগ করেন। পাউবো ৬০% কাজ সম্পন্ন হওয়ার দাবি করলেও আন্দোলনকারীদের দাবি—মাঠে কাজের অগ্রগতি ৩০% এর বেশি নয়।
অক্ষত ও মজবুত বাঁধগুলোতে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে কাজ শুরু করতে বিলম্ব করা হচ্ছে, যা বোরো ফসলের জন্য হুমকি।
‘হাওর বাঁচাও আন্দোলন’-এর জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজন সেন রায়। তিনি বলেন, "নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে এবং দুর্নীতির লাগাম না টানলে আমরা জেলার ১২টি উপজেলার কৃষকদের নিয়ে কঠোর আন্দোলনে নামব।"
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, টেকসই বাঁধ নির্মাণ সম্পন্ন না হলে জেলার ১২টি উপজেলার কমিটি একযোগে প্রশাসনের বিরুদ্ধে আইনি আশ্রয় নেবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুখেন্দু সেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শহীদনুর আহমেদ ও শান্তিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
এ রহমান
মন্তব্য করুন: