নির্ধারিত সময় নিয়ে কৃষকদের মনে আতঙ্ক
জামালগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজে ধীরগতি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চলতি বছরে ৪১টি পিআইসির মাধ্যমে ৬টি হাওরে ফসল রক্ষা বাঁধ ও বেড়িবাঁধ নির্মাণ কাজে চরম ধীরগতি দেখা দিয়েছে। সরকারি কাবিটা নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার বাধ্যবাধকতা থাকলেও ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ১০টি বাঁধে এক-তৃতীয়াংশ মাটির কাজই বাকি রয়েছে। সরেজমিনে দেখা গেছে, হালির হাওরের ২, ৬, ৭, ৮, ১৬ নং পিআইসি এবং পাগনার হাওরের ৩১ নংসহ বেশ কয়েকটি প্রকল্পে কাজ বন্ধ রয়েছে এবং সেখানে কোনো শ্রমিক বা কমিটির সদস্যকে পাওয়া যায়নি। অনেকগুলো বাঁধে নিয়মবহির্ভূতভাবে ঘাসযুক্ত বড় চাকা মাটি ব্যবহার করা হয়েছে এবং অধিকাংশ বেড়িবাঁধে মাটির কাজের পাশাপাশি ড্রেজিং ও দুর্বাঘাস লাগানোর কাজ এখনো শুরু হয়নি।
হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিন বারী বলেন, "বাঁধের কাজের মন্থরগতি কৃষকদের মনে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। কোনো একটি পিআইসির কাজও এখন পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে আমরা কঠোর আন্দোলনে গড়ে তুলব।"
অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ডের জামালগঞ্জ উপজেলার সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি জানান, মাটির কাজ বাকি থাকা ৫-৭টি পিআইসিকে দ্রুত কাজ শেষ করতে চাপ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এ পর্যন্ত ২০ শতাংশ টাকা বিল দেওয়া হয়েছে এবং শিগগিরই আরও ১২ শতাংশ টাকা দেওয়া হবে; বিল পাওয়ার পর বাকি অসম্পূর্ণ কাজগুলো দ্রুত শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: