মধ্যনগরে যুবলীগ নেতার অবৈধ তিনতলা ভবন উচ্ছেদ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের অবৈধভাবে নির্মিত একটি তিনতলা ভবন উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত মোস্তাক আহমেদ মধ্যনগর সদর ইউনিয়নের কামাউড়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালের পর সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে রাজনীতিতে প্রভাব বিস্তার করেন মোস্তাক। ক্ষমতার দাপটে তিনি মধ্যনগর বাজারের দক্ষিণ পাশে উবধাখালী নদীর পাড় ঘেঁষে তাঁর দুই ভাইয়ের নামে ১ শতক সরকারি জায়গা বন্দোবস্ত নেন। পরবর্তীতে বন্দোবস্তের শর্ত ভঙ্গ করে নদী দখলপূর্বক সেখানে একটি স্থায়ী পাকা ভবন নির্মাণ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় জানান, স্থাপনাটি সম্পূর্ণ অবৈধভাবে নির্মাণ করায় ইজারা বাতিল করে তা উচ্ছেদ করা হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, মধ্যনগরে নদী দখল করে নির্মিত আরও যেসব অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: