দোয়ারাবাজারে বাজার মনিটরিং টিমের অভিযান: ১ ব্যবসায়ীকে জরিমানা
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্থিতিশীল রাখতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরের বাজারে উপজেলা মনিটরিং টিমের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পরিচালিত এই অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহকে কঠোরভাবে সতর্ক করা হয়। বিশেষ করে ইফতার সামগ্রী তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন মনিটরিং টিম।
অভিযান চলাকালীন আইন অমান্য করে পণ্য বিক্রির দায়ে একজন ব্যবসায়ীকে অভিযুক্ত করে ১টি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯" এর আওতায় সংশ্লিষ্ট ওই ব্যবসায়ীকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নাগালে রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে পুরো রমজান মাস জুড়ে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ।
এ রহমান
মন্তব্য করুন: