সুনামগঞ্জে ইজারার জলমহালে অর্ধকোটি টাকার মাছ লুটপাট
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কাওয়াজুরী জলমহালে এক ভয়াবহ মাছ লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইফতারের পর উপজেলার ৮টি গ্রামের কয়েক হাজার মানুষ একযোগে জলমহালে প্রবেশ করে প্রায় ৫০ লাখ টাকার মাছ লুটে নেয় বলে অভিযোগ করেছেন ইজারাদার আঙ্গুর মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, কাওয়াজুরী, উফতিরপাড়, নগদিপুর, ছোট নগদিপুর, লাউগাঙ্গ, ধীতপুর, ফুকিডর ও দৌলতপুর গ্রামের প্রায় ৭-৮ হাজার মানুষ জাল ও বালতি নিয়ে হঠাৎ করে জলমহালে ঢুকে পড়েন এবং টর্চলাইট জ্বালিয়ে একযোগে মাছ শিকার শুরু করেন।
জলমহালের ইজারাদার আঙ্গুর মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, "বৈধভাবে ইজারা নেওয়া জলমহালে এভাবে হাজার হাজার মানুষ নেমে লুটপাট করা অত্যন্ত দুঃখজনক; এতে আমার প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।" তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
অন্যদিকে, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্যাহ জানিয়েছেন, এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: