তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযানে ছয় দোকানিকে জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদরে ভোক্তা অধিকার বাস্তবায়ন ও বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এক ঝটিকা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত কাঁচাবাজারের পট্টিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু। এ সময় তাহিরপুর থানা পুলিশের একটি দল তাঁকে সহযোগিতা প্রদান করে।
অভিযানে মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি এবং পণ্য ক্রয়ের রসিদ প্রদর্শন করতে না পারাসহ বিভিন্ন অপরাধে ৬টি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও কৃষি বিপণন আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৭,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালীন ম্যাজিস্ট্রেট কাঁচাবাজার, ডিম, মাংস, মুদি ও ফলের দোকানগুলোতে পণ্যমূল্যের তালিকা প্রদর্শন এবং যথাযথ রসিদ সংরক্ষণের নির্দেশ দেন। সেই সঙ্গে পবিত্র রমজানে সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাঁর দাপ্তরিক ফেসবুক পেজে অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে ও বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের এই ধরণের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: