শাল্লায় ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে প্রাথমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন
Led Bottom Ad

শাল্লায় ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে প্রাথমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২২/০২/২০২৬ ১৬:৫৯:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র নতুন কমিটিকে কেন্দ্র করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে তীব্র অসন্তোষ ও বিভাজন সৃষ্টি হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি গঠিত ওই কমিটিকে ‘অবৈধ, অগণতান্ত্রিক ও পকেট কমিটি’ আখ্যা দিয়ে রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাল্লা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রধান শিক্ষক সমিতি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান অভিযোগ করেন, উপজেলার ৪৫১ জন শিক্ষকের মধ্যে মাত্র ৫০ জনের উপস্থিতিতে (১১ শতাংশ) এবং গুটিকয়েক নেতার যোগসাজশে এই বিতর্কিত কমিটি ঘোষণা করা হয়েছে। এমনকি উপস্থিত শিক্ষকদের একাংশ এই প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে সভা বর্জন করলেও বাকি ৮৯ শতাংশ শিক্ষকের মতামতকে উপেক্ষা করে স্বঘোষিত কমিটিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষকরা দাবি করেন, শাল্লায় বর্তমানে অনুমোদিত ‘প্রধান শিক্ষক সমিতি’ ও ‘সহকারী শিক্ষক সমিতি’ সক্রিয় থাকা সত্ত্বেও শিক্ষকদের ঐক্য বিনষ্ট করতে একটি স্বার্থান্বেষী মহল এই অপতৎপরতা চালাচ্ছে। এ সময় শাল্লা উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি অরবিন্দু তালুকদার, সাংগঠনিক সম্পাদক নিরেশ দাশসহ অনাদী তালুকদার, মনোজ সরকার খোকন ও আব্দুল হামিদের মতো জ্যেষ্ঠ শিক্ষকরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সকল শিক্ষকের মতামতের তোয়াক্কা না করে গঠিত এই তথাকথিত কমিটি অবিলম্বে বাতিল করা না হলে সাধারণ শিক্ষকদের নিয়ে কঠোর কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত থেকে অবিলম্বে গণতান্ত্রিক উপায়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার জোর দাবি জানান।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad