অরক্ষিত নজরখালি বাঁধ
টাঙ্গুয়ার হাওরে ৯ হাজার হেক্টর বোরো ফসল অকাল বন্যার ঝুঁকিতে
সুনামগঞ্জের বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরের নজরখালি বাঁধটি এখন পর্যন্ত অরক্ষিত থাকায় তাহিরপুর ও মধ্যনগর উপজেলার ৮২টি গ্রামের প্রান্তিক কৃষকের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত এই বাঁধটি সংস্কার করা না হলে পাহাড়ি ঢল ও অকাল বন্যায় হাওড়ের প্রায় ৯ হাজার হেক্টর জমির আবাদি বোরো ধান যেকোনো সময় তলিয়ে যেতে পারে। টাঙ্গুয়ার হাওরকে জলাভূমি হিসেবে গণ্য করায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রতি বছর এখানে স্থায়ী বাঁধ নির্মাণ করে না, ফলে কৃষকদের প্রতি বছরই প্রশাসনের কাছ থেকে বিশেষ বরাদ্দ নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই নজরখালি বাঁধটি সংস্কার করতে হয়। কিন্তু চলতি অর্থবছরে তাহিরপুর উপজেলার ৮৮টি প্রকল্পের মধ্যে এই গুরুত্বপূর্ণ বাঁধটির নাম অন্তর্ভুক্ত না থাকায় এবং এখন পর্যন্ত কোনো বিশেষ বরাদ্দ না মেলায় গনিয়াকুরি, এরালিয়াকুনা, সামসাগর ও সোনাডুবিসহ অসংখ্য হাওরের ফসল এখন হুমকির মুখে।
মধ্যনগর ও তাহিরপুর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা বলছেন, নজরখালি বাঁধ না হলে বৃষ্টির সময় নদীতে পানি বাড়ার সাথে সাথেই হাওরটি তলিয়ে যাবে, যা এলাকায় দীর্ঘমেয়াদী খাদ্য সংকট সৃষ্টি করতে পারে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক জানিয়েছেন, বিষয়টি তাঁকে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি, তবে সুনির্দিষ্ট তথ্য পেলে তিনি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন।
এ রহমান
মন্তব্য করুন: