দিরাইয়ে বিএনপি নেতা জাবেদের ওপর হামলার ঘটনায় ২৮ দিন পর মামলা
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিএনপি নেতা আজমল হোসাইন চৌধুরী জাবেদের ওপর হামলার ঘটনায় দীর্ঘ ২৮ দিন পর মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে দিরাই থানায় তিনি নিজে বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রভাবশালী নেতা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন—দিরাই পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন মিলাদ, দিরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু এবং যুবদল নেতা ফয়সল সরদার। এছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ১৪ থেকে ১৫ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৫ জানুয়ারি উপজেলার একটি উঠান বৈঠককে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে জাবেদের ওপর এই হামলার ঘটনা ঘটে, যাতে তিনি গুরুতর আহত হন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে নিজ দলের শীর্ষ নেতার বিরুদ্ধে মামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জাবেদ সমর্থিত বিএনপি নেতারা দ্রুত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: