এমপি কামরুল–এর উদ্যোগে ঐক্যের সুর
সুনামগঞ্জে অদ্বৈত জন্মধাম নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসন
দীর্ঘদিনের টানাপোড়েন, মতভেদ আর অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে ঐক্যের পথে ফিরল তাহিরপুরের ঐতিহ্যবাহী অদ্বৈত জন্মধাম। পারস্পরিক আলোচনা, সমঝোতা ও সর্বসম্মত সিদ্ধান্তের মধ্য দিয়ে গঠিত হলো কেন্দ্রীয় পরিচালনা কমিটির আংশিক কমিটি।
সভাপতি পদে আবারও দায়িত্ব পেলেন করুনা সিন্ধু চৌধুরী বাবুল। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কানন বন্ধু রায়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামে অবস্থিত অদ্বৈত জন্মধাম পণতীর্থ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তাঁর উপস্থিতি ও মধ্যস্থতায় দীর্ঘদিনের বিভক্তি মুছে গিয়ে তৈরি হয় ঐক্যের নতুন অধ্যায়।
এর আগে বিবাদমান দুই পক্ষ এবং বিভিন্ন এলাকা থেকে আগত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা। সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও শেখর রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি কামরুজ্জামান কামরুল। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা থেকে আগত ভক্তরা।
সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল আবেগঘন বক্তব্যে বলেন, “সবার সম্মতি ও সংসদ সদস্যের প্রস্তাবেই এই কমিটি গঠিত হয়েছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আমি এই মন্দিরের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যেতে চাই। আমি দিতে এসেছি, নিতে নয়—ঐক্যবদ্ধভাবে মন্দিরের উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য।”
নতুন এই উদ্যোগ শুধু একটি কমিটি ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ নয়—এটি একতার বার্তা, বিশ্বাসের পুনর্জাগরণ এবং আগামী দিনের উন্নয়নযাত্রার অঙ্গীকার। স্থানীয়দের প্রত্যাশা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে অদ্বৈত জন্মধাম আরও সমৃদ্ধ ও সুসংগঠিত হয়ে উঠবে।
ডি আর ডি
মন্তব্য করুন: