হুজুগে কমলো লেবুর দাম
সুনামগঞ্জে বাজার মনিটরিংয়ে ডিসি-এসপি: চার প্রতিষ্ঠানকে জরিমানা
সুনামগঞ্জে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং বাজার স্থিতিশীল নিশ্চিত করতে মাঠে নেমেছেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)। সোমবার বিকেলে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু করে পূর্ব বাজার এবং স্টেশন রোড এলাকায় এই বিশেষ বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার ক্ষুণ্ন করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে হক হোটেলকে ১০ হাজার টাকা, শাহী হোটেলকে ১০ হাজার টাকা এবং দুটি ফলের দোকানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় একটি চমকপ্রদ ঘটনা ঘটে; জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে দেখে এক ফল বিক্রেতা চড়া দামের লেবুর দাম হুট করে ১২০ টাকা থেকে কমিয়ে ৪০ টাকা দাবি করেন। তৎক্ষণাৎ ডিসি উপস্থিত ক্রেতাদের সেই দামে লেবু কেনার আহ্বান জানালে মুহূর্তের মধ্যেই লেবুর ঝুড়ি খালি হয়ে যায়। উল্লেখ্য, রমজানের শুরু থেকেই লেবু, কলা ও শসা সহ বেশ কিছু পণ্যের দাম কয়েক গুণ বেড়ে গিয়েছিল।
অভিযানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুনজিত কুমার চন্দ এবং সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: