ধর্মপাশায় এমপি কামরুল
‘বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না’
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল ও সাথারিয়া পাথারিয়া হাওরের ফসলরক্ষা বাঁধের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন। সোমবার বাঁধ পরিদর্শনকালে তিনি বিভিন্ন পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করার এবং টেকসই মজবুতকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উপস্থিত পিআইসি সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে এমপি কামরুল বলেন, "হাওরের মানুষের জানমালের নিরাপত্তার সাথে জড়িত বাঁধের কাজে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও উল্লেখ করেন যে, এ বছর বাঁধের পরিস্থিতি এমনিতেই কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাই কৃষকের ফসল রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা, তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম এবং সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী এবং বালিজুরি ইউনিয়ন বিএনপি নেতা শাখাওয়াত হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: