জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি ভস্মীভূত
Led Bottom Ad

প্রায় ২৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি ভস্মীভূত

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

২৪/০২/২০২৬ ০১:০৯:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ইউনিয়নের সাঁতা গ্রামের আরজু মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ অন্তত ২৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ মিয়ার রান্নাঘরের চুলার লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা বিদ্যুতের তারের মাধ্যমে পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে শহীদ মিয়া, আরজু মিয়া, আজিদ মিয়া, আনসার মিয়া ও রূপন মিয়ার বসতবাড়ি ও যাবতীয় আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে নগদ ১ লক্ষ ৫৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৬ লক্ষ টাকার সম্পদ হারিয়ে তারা এখন সম্পূর্ণ নিঃস্ব ও খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও তার আগেই স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad