জগন্নাথপুরে সড়কের ব্লক নির্মাণে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সড়ক প্রশস্তকরণের গুরুত্বপূর্ণ কাজে অত্যন্ত নিম্নমানের ও মাটিমিশ্রিত পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে চলমান এই প্রকল্পে সড়কের ঢালু অংশ রক্ষায় ব্যবহৃত পাকা ব্লক নির্মাণে এই অনিয়ম পরিলক্ষিত হচ্ছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশাল স্তূপ করে রাখা মাটিযুক্ত লালচে পাথর দিয়েই তৈরি করা হচ্ছে কার্পেটিং ব্লক। স্থানীয়দের অভিযোগ, ব্লক তৈরির আগে পাথরগুলো যথাযথভাবে পরিষ্কার বা ধোয়ার কোনো বালাই নেই, যা নির্মাণের স্থায়িত্বকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, চোখের সামনে এমন অনিয়ম চললেও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রভাবে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। তবে কাজটির দায়িত্বে থাকা 'এমএম বিল্ডার্স'-এর সাইট ইঞ্জিনিয়ার নাজমুল হাসান সকল অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তারা গুণগত মান বজায় রেখেই কাজ করছেন।
অন্যদিকে, সুনামগঞ্জ সওজ-এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহদাত হোসেন পাথরের নিম্নমানের বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করে জানান, সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর না মেলায় বাধ্য হয়ে সুনামগঞ্জের মহাল থেকে এই লালচে পাথর সংগ্রহ করা হয়েছে; তবে তা দুইবার ধুয়ে ব্যবহারের নির্দেশনা দেওয়া আছে।
এ রহমান
মন্তব্য করুন: