ভিডিও ভাইরাল
সুনামগঞ্জ আদালত হাজতে ঘুষকাণ্ড: টাকা ছাড়া মিলছে না আসামির মুক্তি
সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় জামিনপ্রাপ্ত আসামিদের মুক্তি দিতে পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। হাজতের দায়িত্বে থাকা এটিএসআই রফিক ও তাঁর সহযোগী এক কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ যে, তাঁরা প্রত্যেক আসামির মুক্তির জন্য ৫০০ টাকা ‘সরকারি ফি’ দাবি করেন এবং টাকা না দিলে মুক্তি আটকে দেওয়ার হুমকি দেন। এমনই এক ঘটনায় দরকষাকষি শেষে দুই দফায় ২৯০ টাকা দিয়ে এক আসামিকে মুক্তি দিতে বাধ্য হন তাঁর স্বজনরা; একইভাবে অন্য আসামিদের কাছ থেকেও ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে। হাজতখানার সামনে সিসি ক্যামেরার নিচেই টেবিল বসিয়ে বিচারপ্রার্থীদের কাছ থেকে জোরপূর্বক এই অর্থ নেওয়ার দৃশ্য গণমাধ্যমকর্মীর ক্যামেরায় ধরা পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। পদে পদে টাকা দিতে গিয়ে একপর্যায়ে ক্ষুব্ধ বিচারপ্রার্থীরা হাজতের সামনেই শোরগোল শুরু করেন।
এ বিষয়ে পুলিশের আদালত পরিদর্শক অজয় চন্দ্র দেব স্পষ্ট জানিয়েছেন যে, আদালতের আদেশে হাজত থেকে মুক্তি পেতে কোনো সরকারি ফি বা টাকা দেওয়ার নিয়ম নেই।
অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং প্রাথমিক সত্যতা পেলে অভিযুক্ত পুলিশ সদস্যদের ক্লোজ করে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: