তাহিরপুরে বিল শুকিয়ে মাছ ধরার চেষ্টা: বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধভাবে বিলের পানি শুকিয়ে মাছ ধরার চেষ্টার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত উপজেলার আনন্দনগর এলাকার ‘দাঁতভাঙা বিলে’ এই মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু। তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কে. এম. মাহফুজুর রহমানের প্রসিকিউশনে ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০’ অনুসারে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযান চলাকালে বিলে সেচ দেওয়ার পাইপ ও আনুষঙ্গিক সরঞ্জামাদিসহ প্রায় ১০০০ মিটার অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়; যা পরবর্তীতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় কোনো অভিযুক্তকে আটক করা সম্ভব না হলেও জব্দকৃত প্রায় ১২ কেজি মাছ স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে তাহিরপুর থানার পুলিশ সদস্য এবং ভূমি ও মৎস্য অফিসের কর্মীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য সুরক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: