সুনামগঞ্জে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
‘হাওরবাসীর সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এসেছেন এবং প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিকভাবে এই অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষের খোঁজখবর রাখছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হাওরের ফসল রক্ষা বাঁধকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে উল্লেখ করে বলেন, পানি মন্ত্রণালয় এটি সরাসরি তদারকি করছে এবং বাঁধ নির্মাণ কাজ যাতে প্রতি বছর দুর্নীতিমুক্ত ও টেকসই হয়, সেদিকে সরকারের সর্বোচ্চ নজরদারি থাকবে। বিগত সময়ে বাঁধ নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করে তিনি হুশিয়ারি দেন যে, ভবিষ্যতে এ ধরনের অপকর্ম রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং নদী খনন, খাল খনন ও বাঁধ নির্মাণের কাজে কেউ যেন অনিয়ম করতে না পারে সেজন্য সরকার পাহারাদারের ভূমিকা পালন করবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এবং সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ রহমান
মন্তব্য করুন: