১১ পদ শূন্য
তাহিরপুরে দুই জন কর্মী দিয়ে চলছে উপজেলা সমাজসেবা অফিসের কার্যক্রম
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে দীর্ঘ দিন ধরে ১১টি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বর্তমানে মাত্র দুইজন ইউনিয়ন সমাজকর্মী দিয়ে উপজেলার বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করা হচ্ছে, যার ফলে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩টি অনুমোদিত পদের মধ্যে ইউনিয়ন সমাজকর্মী, কারিগরি প্রশিক্ষক, ফিল্ড সুপারভাইজার ও অফিস সহকারীসহ ১১টি পদই খালি পড়ে আছে; এমনকি উপজেলা সমাজসেবা কর্মকর্তার পদটিও শূন্য থাকায় জামালগঞ্জ উপজেলার কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। দক্ষিণ শ্রীপুর ও উত্তর শ্রীপুর ইউনিয়নের দূর-দূরান্ত থেকে আসা সেবা প্রত্যাশীরা অভিযোগ করেছেন, দিনভর অপেক্ষা করেও জনবল সংকটের কারণে তাদের কাজ সম্পন্ন হচ্ছে না, ফলে বারবার যাতায়াত করে সময় ও অর্থ দুই-ই অপচয় হচ্ছে।
ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার জনবল সংকটের সত্যতা স্বীকার করে জানান, তিনটি উপজেলার দায়িত্ব পালন করতে গিয়ে নিয়মিত কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জনবল সংকট নিরসনে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগী সাধারণ মানুষ অবিলম্বে এই শূন্য পদগুলো পূরণ করে জনদুর্ভোগ লাঘবের জোর দাবি জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: