জনবলশূন্য তাহিরপুরের দক্ষিণ বড়দল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র
Led Bottom Ad

তালাবদ্ধ ভবনে সেবা বঞ্চিত ১০ গ্রামের মানুষ

জনবলশূন্য তাহিরপুরের দক্ষিণ বড়দল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০১/০৩/২০২৬ ১৪:০৮:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিনের তীব্র জনবল সংকটে বর্তমানে কার্যত অচল হয়ে পড়েছে। কাউকান্দি বাজার সংলগ্ন এই কেন্দ্রটির ওপর আশপাশের অন্তত ১০টি গ্রামের হাজার হাজার মানুষ নির্ভরশীল হলেও চিকিৎসক ও প্রয়োজনীয় কর্মী না থাকায় দরজায় তালা ঝুলছে মাসের পর মাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যকেন্দ্রটিতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, ফার্মাসিস্ট, আয়া ও এমএলএসএসসহ অনুমোদিত পাঁচটি পদের সবকটিই বর্তমানে শূন্য। ফলে দূর-দূরান্ত থেকে আসা দরিদ্র নারী, শিশু ও গর্ভবতী মায়েরা সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন এবং বাধ্য হয়ে ব্যয়বহুল বেসরকারি ফার্মেসি বা ঝুঁকিপূর্ণ গ্রাম্য চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিন ও সেবা নিতে আসা শাপলা বেগম ক্ষোভ প্রকাশ করে জানান, সরকার ভবন নির্মাণ করলেও লোকবল না থাকায় সাধারণ মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে; এমনকি জরুরি প্রয়োজনেও স্বাস্থ্যকেন্দ্রে প্রায়ই তালা ঝুলে থাকতে দেখা যায়।

সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নিয়াজুর রহমান জনবল সংকটের সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে সপ্তাহে মাত্র একদিন একজন ভিজিটর দিয়ে কোনোমতে সেবা চালানো হচ্ছে। শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি দাবি করলেও হাওরাঞ্চলের দুর্গম এলাকার এই মানুষগুলোর ভোগান্তি কবে শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে স্থায়ী জনবল নিয়োগ দিয়ে কেন্দ্রটি সচল করা হোক যাতে দক্ষিণ বড়দল ইউনিয়নের নিন্ম আয়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad