সুনামগঞ্জে এনডিএফ-এর বিক্ষোভ: ইরানে সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখে দেওয়ার আহ্বান
Led Bottom Ad

সুনামগঞ্জে এনডিএফ-এর বিক্ষোভ: ইরানে সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখে দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০২/০৩/২০২৬ ২২:০১:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জে ইরানের ওপর মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মদদপুষ্ট ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


​২ মার্চ (সোমবার) সকালে সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে এক সমাবেশে মিলিত হয়। জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় এতে বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


​সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে বাজার দখল এবং প্রভাব বলয় পুনর্বণ্টন নিয়ে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং তাদের প্রতিপক্ষ চীন-রাশিয়ার মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। ইরানের ওপর সামরিক আক্রমণ ও আগ্রাসন মূলত এই আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বেরই অংশ। নেতৃবৃন্দ গতকাল ইসরাইল-আমেরিকার হামলায় ইরানের সরকারপ্রধান ও শিশুসহ ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানান। তারা বলেন, পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা থেকে শুরু করে সমগ্র মধ্যপ্রাচ্যজুড়ে যে যুদ্ধের দামামা বাজছে, তার মূলে রয়েছে বিশ্ব ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াই।


​বক্তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা দাবি করেন, ভূ-রাজনৈতিক ও রণনীতিগত অবস্থানের কারণে বাংলাদেশকেও সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের যুদ্ধ প্রস্তুতির বলয়ে সম্পৃক্ত করতে চায়। বক্তাদের মতে, “মানবিক করিডোর”, বন্দর ইজারা, স্টার লিংকের সাথে চুক্তি এবং সামরিক ঘাঁটি নির্মাণের যে নীল নকশা চলছে, তা মূলত প্রতিপক্ষকে মোকাবিলা করে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করার কৌশল।


​নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের জনগণের মুক্তি এবং ইরান-প্যালেস্টাইন-ইউক্রেনে চলমান সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম একই সূত্রে গাঁথা। এই জটিল সমীকরণে দেশ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।


​সমাবেশে বক্তব্য রাখেন জেলা এনডিএফ-এর সহসভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সৌরভ ভূষণ দেব, সহসাধারণ সম্পাদক মনির মিয়া, দপ্তর সম্পাদক বিনন্দ কর। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন স’ মিল শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আইয়ুবুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক সংঘের সভাপতি মো. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, হকার্স শ্রমিক সংঘের সভাপতি মো. আব্দুল হাই, জেলা হোটেল-রেস্টুরেন্ট-মিষ্টি-বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক টিটু দাস, সদস্য ফবলু মিয়া ও মতিউর রহমান প্রমুখ।


​পরিশেষে, নেতৃবৃন্দ জাতীয় মুক্তির লক্ষ্যে সকল সাম্রাজ্যবাদ ও তাদের দোসর বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী বিপ্লবী গণতান্ত্রিক সংগ্রাম গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।


প্রীতম দাস

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad