জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ সাফল্য দেখিয়ে সারাদেশের ৬৪টি জেলার মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে সুনামগঞ্জ জেলা। মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত ফেব্রুয়ারি মাসের পারফরম্যান্স সূচকে দেখা যায়, গত মাসে সুনামগঞ্জে ৪ হাজার ৪৫৭টি জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রার বিপরীতে এক বছরের কম বয়সী শিশুদের ৩ হাজার ৭১৯টি নিবন্ধন সম্পন্ন হয়েছে, যার অর্জনের হার ৮৩ শতাংশ। তবে মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে জেলাটি লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে; ১ হাজার ৪৯৬টি সম্ভাব্য মৃত্যু নিবন্ধনের লক্ষ্য থাকলেও এক বছরের মধ্যে মৃত্যু হয়েছে এমন ১ হাজার ৫৭৪টি নিবন্ধন সম্পন্ন হয়েছে, যার অর্জনের হার ১০৫ শতাংশ।
সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসিম কুমার বণিক এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, সীমিত সাধ্যের মধ্যেও বাসিন্দাদের জরুরি সেবা নিশ্চিত করতে পৌরসভার প্রতিটি সেক্টরকে সচল করার নিরলস প্রচেষ্টা চলছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই নাগরিক সেবা সহজীকরণ ও দ্রুততর করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই অর্জন তারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় প্রশাসন আশা করছে, নাগরিকদের সচেতনতা ও সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত প্রচেষ্টায় আগামীতে এই ধারাবাহিকতা বজায় রেখে সুনামগঞ্জ তালিকার শীর্ষে অবস্থান করতে পারবে।
মন্তব্য করুন: