সুনামগঞ্জকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করতে জিরো টলারেন্স ঘোষণা সাংসদ নূরুলের
মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সুনামগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেছেন, সুনামগঞ্জকে কোনোভাবেই অপরাধীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদক নির্মূলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকাসক্তদের তাৎক্ষণিক ৬ মাসের সাজা দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখকে অনুরোধ জানান।
সাংসদ নূরুল হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা বালু ও পাথর লুটের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের কথা উল্লেখ করে তিনি জানান, কৃষি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়ার কাজ চলছে। সুনামগঞ্জ শিক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপি ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
এ রহমান
মন্তব্য করুন: