তাহিরপুরে ৮ বছরেও শেষ হয়নি দুই সেতুর কাজ: দুর্ভোগে হাওরবাসী
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা ও পাটলাই নদীর ওপর নির্মাণাধীন দুটি সেতুর কাজ দীর্ঘ ৮ বছর ধরে ঝুলে থাকায় চরম ক্ষোভ ও হতাশায় দিন কাটাচ্ছেন হাওরাঞ্চলের মানুষ। প্রায় ১২৯ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালের ডিসেম্বরে যাদুকাটা নদীর ওপর ৭৫০ মিটার দীর্ঘ শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতু এবং পাটলাই নদীর ওপর ৪৫০ মিটার দীর্ঘ অপর একটি সেতুর নির্মাণকাজ শুরু হলেও ২০২১ সালের নির্ধারিত মেয়াদে তা শেষ হয়নি। তথ্যমতে, ৮৫ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ের মৈত্রী সেতুর প্রায় ৭০ শতাংশ এবং ৪৩ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ের পাটলাই সেতুর বিপরীতে বড় অংকের বিল ইতোমধ্যে উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘তমা কনস্ট্রাকশন’, অথচ বাস্তবে কাজ এখনো অসম্পূর্ণ।
সরেজমিনে দেখা গেছে, যাদুকাটা সেতুর মাঝখানের অংশ এখনো ফাঁকা এবং পাটলাই সেতুর মূল কাঠামো দাঁড়ালেও সংযোগ সড়কে মাটি ভরাট না করায় তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সামান্য উদ্যোগ নিলেই সেতুগুলো ব্যবহারযোগ্য করা যেত, কিন্তু দীর্ঘসূত্রতার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, কাজ বন্ধ রাখায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হয়েছে এবং বাকি কাজের নতুন প্রাক্কলন তৈরি করে দপ্তরে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত সময়ের মধ্যে নতুন করে কাজ শুরু করে জনদুর্ভোগ লাঘব করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: