দিরাইয়ের ৩ গ্রামের সবাই পাচ্ছেন ‘ফ্যামিলি কার্ড’
Led Bottom Ad

ঈদের আগেই সুখবর

দিরাইয়ের ৩ গ্রামের সবাই পাচ্ছেন ‘ফ্যামিলি কার্ড’

নিজস্ব প্রতিনিধি,দিরাই

০৫/০৩/২০২৬ ১৬:১২:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রামের বাসিন্দাদের জন্য পবিত্র ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। একটি বিশেষ পাইলট প্রকল্পের আওতায় উত্তর সুরিয়ারপাড়, হাতিয়া রাধানগর ও আকিলশাহ গ্রামের প্রতিটি পরিবারকে এই কার্ডের আওতায় নিয়ে আসা হচ্ছে, যার ফলে সংশ্লিষ্ট জনপদে বইছে আনন্দের জোয়ার।

দিরাই উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই তিনটি গ্রামের মোট ৯৬৮টি পরিবারকে নিয়ে ইতোমধ্যে মাঠপর্যায়ে জরিপ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্ধারিত সফটওয়্যারে আপলোড করা হয়েছে।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ১০ মার্চ এই ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। প্রাথমিক পর্যায়ে গ্রামের নিম্নবিত্ত ও অতি নিম্নবিত্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হলেও পর্যায়ক্রমে এই তিনটি গ্রামের প্রতিটি ঘরেই এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, ওই তিন গ্রামে বর্তমানে ১১০ জন বিভিন্ন সরকারি ভাতাভোগী রয়েছেন, যাঁদের তথ্যগুলো পুনরায় যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ফ্যামিলি কার্ড কার্যকর হলে সরকারি সেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে প্রাপ্তি নিশ্চিত হবে, যা পিছিয়ে পড়া এই জনপদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পাইলট প্রকল্পের সফলতার ওপর ভিত্তি করে পরবর্তীতে উপজেলার অন্যান্য এলাকায় এই কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad