জামালগঞ্জে নিখোঁজের তিন দিন পর ঠেলাগাড়ি চালকের লাশ উদ্ধার
Led Bottom Ad

জামালগঞ্জে নিখোঁজের তিন দিন পর ঠেলাগাড়ি চালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

০৬/০৩/২০২৬ ০০:৪০:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর আব্দুল হামিদ (৪৮) নামের এক ঠেলাগাড়ি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের তেরানগর গ্রামের অদূরে দোলতা নদীর সেতুর দক্ষিণ পাশে জামালগঞ্জ-নওমৌজা পাকা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল হামিদ জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের বাসিন্দা আয়ান উল্লাহর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করলেও গতকাল বুধবার বিকেল পর্যন্ত রাস্তার পাশে কোনো মরদেহ চোখে পড়েনি; বৃহস্পতিবার সকালে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামানকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং স্থানীয়রা এটি নিখোঁজ ঠেলাগাড়ি চালক আব্দুল হামিদের বলে শনাক্ত করেন।

ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান জানান, সড়কটি অত্যন্ত জনবহুল হওয়ায় তাদের ধারণা, অন্যত্র হত্যার পর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এখানে মরদেহটি ফেলে রেখে গেছে।

জামালগঞ্জ থানার এসআই মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad