জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু, আহত ১
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিল (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের পলক গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আদিল ওই গ্রামের মৃত আশিক নূরের ছেলে এবং বাবার মৃত্যুর পর অভাবের সংসারে হাল ধরতে লেখাপড়ার পাশাপাশি রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আদিল একটি বাড়ির উঠানে রড সোজা করার সময় অসাবধানতাবশত রডটি ওপর দিয়ে যাওয়া ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে আসে, ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সময় তার সাথে থাকা অপর এক যুবকও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়, যাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠালে বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে এবং চিকিৎসকরা তাকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. আতাউর রহমান জানান, মেধাবী শিক্ষার্থী আদিল সংসারের অভাব দূর করতে গিয়েই এমন অকাল মৃত্যুর শিকার হলো।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: