তাহিরপুরে ২৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সুনামগঞ্জের তাহিরপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিরাজ মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে উপজেলার লাকমা নতুনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিরাজ মিয়া উপজেলার লাকমা পূর্বপাড়া গ্রামের মৃত তাজু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পালের তত্ত্বাবধানে এসআই মো. রিপন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সিরাজ মিয়ার দেহ তল্লাশি করে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় এসআই মো. রিপন উদ্দিন বাদী হয়ে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১৫) দায়ের করেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: