তাহিরপুরে বিয়ে বাড়ির বৈদ্যুতিক তারে স্পর্শ, প্রাণ গেল শিশুর
Led Bottom Ad

তাহিরপুরে বিয়ে বাড়ির বৈদ্যুতিক তারে স্পর্শ, প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৯/০৩/২০২৬ ২০:০০:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজিত বর্মন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজিত বর্মন ওই গ্রামের সত্যময় বর্মনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য তাহিরপুর গ্রামের অনিল বর্মনের বাড়িতে তার শ্যালিকা প্রিয়া বর্মনের বিয়ে উপলক্ষে রোববার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়ির চারপাশে রঙিন বৈদ্যুতিক বাতি ও আলোকসজ্জা করা হয়েছিল।


সোমবার সকালে খেলাধুলা করার সময় বাড়ির আঙিনায় টানানো আলোকসজ্জার একটি বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ করে সুজিত বর্মন। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, বিদ্যুতের তীব্র শকে শিশুটির শরীরের কিছু অংশ পুড়ে যায়।


ঘটনার পরপরই পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। আনন্দঘন বিয়ের আয়োজন মুহূর্তেই পরিণত হয় শোকের মাতমে। শিশুটির আকস্মিক মৃত্যুর ঘটনায় বিয়ে বাড়িসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয়রা জানান, বিয়ে বাড়ির সাজসজ্জার জন্য অনেক সময় অস্থায়ীভাবে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।


এ বিষয়ে তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যুর ঘটনা প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এদিকে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়। গ্রামের মানুষ শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থায় আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad