১৫ বছরেও তালা খোলেনি দিরাইয়ের ‘জগদল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল’
Led Bottom Ad

জরাজীর্ণ ভবনেই বন্দী কোটি টাকার স্বপ্ন

১৫ বছরেও তালা খোলেনি দিরাইয়ের ‘জগদল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল’

নিজস্ব প্রতিনিধি,দিরাই

১০/০৩/২০২৬ ১২:১২:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল এলাকায় প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘জগদল ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল’টি এখন এলাকাবাসীর কাছে এক মস্ত বড় পরিহাসের নাম। দীর্ঘ ১৫ বছর আগে জাঁকজমকপূর্ণ উদ্বোধনের পরও আজ পর্যন্ত হাসপাতালের প্রধান ফটকের তালা খোলেনি। জনবল নিয়োগের আমলাতান্ত্রিক জটিলতায় বন্দি হয়ে পড়ে থাকা এই হাসপাতালটি এখন আগাছা, শেওলা আর ধুলোর আস্তরণে ঢেকে অকেজো হওয়ার পথে।

২০১৩ সালে তৎকালীন মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত হাসপাতালটির উদ্বোধন করার সময় জগদল, কুলঞ্জ, কলকলিয়া, দুর্গাপাশা ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের প্রায় ৬০টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের মনে আশার আলো জ্বলেছিল। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি। দীর্ঘ দেড় দশকেও এখানে একজন চিকিৎসক বা নার্সেরও পদায়ন করা হয়নি। ফলে জরুরি প্রয়োজনে আজও স্থানীয়দের মাইলের পর মাইল পাড়ি দিয়ে দিরাই সদরে যেতে হচ্ছে, যা প্রসূতি মা ও মুমূর্ষু রোগীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটকে ঝুলছে মরচে ধরা তালা, জানালার কাচ ভেঙে চুরমার হয়ে আছে এবং ভবনের দেয়ালে জন্ম নিয়েছে আগাছা। ভেতরে থাকা চিকিৎসার দামী যন্ত্রপাতি ও আসবাবপত্র অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা আক্ষেপ করে বলেন, “চোখের সামনে চার কোটি টাকার হাসপাতাল পচছে, আর আমরা সাধারণ মানুষ বিনা চিকিৎসায় ধুঁকে মরছি। সরকার ভবন বানাল, কিন্তু ডাক্তার পাঠানোর প্রয়োজন মনে করল না।”

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই হাসপাতালের চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়সহ ১৩টি পদের একটিতেও নিয়োগ দেওয়া হয়নি। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েও কোনো সদুত্তর পাওয়া যায়নি। স্যানিটারি ইন্সপেক্টর আফজাল হোসেন জানান, নিয়োগ প্রক্রিয়া ছাড়া হাসপাতালটি চালু করা কোনোভাবেই সম্ভব নয়।

সরকারি অর্থের এমন নজিরবিহীন অপচয় ও সাধারণ মানুষের জীবন নিয়ে অবহেলার ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন—১৫ বছরেও কি একটি হাসপাতালের জন্য জনবল নিয়োগ দেওয়া সম্ভব নয়? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ‘তালা-রহস্য’? অবিলম্বের হাসপাতালের তালা খুলে চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি এই দীর্ঘ ১৫ বছরের অবহেলার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানিয়েছে এলাকাবাসী।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad