হাওরে ধান কাটার প্রায় ৪০০ মেশিন বিকল: সংকটের আশঙ্কায় কৃষকরা
সুনামগঞ্জের হাওরাঞ্চলে আসন্ন বোরো মৌসুমকে সামনে রেখে কৃষি যন্ত্রপাতি নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। জেলার বিভিন্ন উপজেলায় ভর্তুকি মূল্যে সরবরাহ করা প্রায় ৪০০টি ধান কাটার মেশিন যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ায় সময়মতো ধান কর্তন নিয়ে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভর্তুকি মূল্যে সরবরাহ করা ১ হাজারেরও বেশি যন্ত্রপাতির মধ্যে বর্তমানে কয়েকশ মেশিন অচল অবস্থায় পড়ে আছে। হারভেস্টার ও রিপার মেশিনসহ মোট ৩৩৪টি মেশিন বর্তমানে মেরামতের অপেক্ষায় রয়েছে, যার মধ্যে বেশ কিছু মেশিন সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। কৃষি যন্ত্রপাতির এই বেহাল দশা ও দক্ষ প্রকৌশলীর অভাবের কারণে মেশিনগুলো দ্রুত সচল করা নিয়ে সংশয় কাটছে না হাওরপাড়ের কৃষকদের। এবার জেলায় ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে এবং প্রায় ১৪ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অথচ ধান কাটার ভরা মৌসুমে যন্ত্রপাতি বিকল থাকায় লক্ষ্যমাত্রা অর্জনে বিঘ্ন ঘটার ভয় পাচ্ছেন সংশ্লিষ্টরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, মেরামতযোগ্য মেশিনগুলো দ্রুত সচল করার জন্য কৃষি বিভাগ কাজ করছে। তবে পুরোনো যন্ত্রপাতি অচল হয়ে যাওয়ায় এবং সময়মতো মেরামতের অভাবে ধান কাটার মৌসুমে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে বলে তিনি স্বীকার করেছেন।
এমতাবস্থায় হাওরের বোরো ফসল ঘরে তুলতে সরকারি উদ্যোগে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।
এ রহমান
মন্তব্য করুন: