সুনামগঞ্জে ডিলারের বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৫ বস্তা চাল জব্দ
Led Bottom Ad

দেড় লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জে ডিলারের বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৫ বস্তা চাল জব্দ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৩/০৩/২০২৬ ১৫:২৫:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বসতঘরে মজুত করার অপরাধে এক ডিলারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামে ডিলার হাফিজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৬৫ বস্তা চাল উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল। দণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম কাইয়ারগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং ওই এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির অনুমোদিত চাল বিক্রেতা।

জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী দরিদ্র পরিবারগুলোর মাঝে প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজির এক বস্তা চাল বিতরণ করা হয়। নিয়ম অনুযায়ী এই চাল ডিলারের নির্দিষ্ট দোকান বা অনুমোদিত গোদামে রাখার কথা থাকলেও হাফিজুল ইসলাম তা নিজের বসতঘরে সরিয়ে নিয়ে মজুত করেন। স্থানীয়দের কাছ থেকে গোপন সংবাদ পেয়ে প্রশাসন বৃহস্পতিবার রাতে তার বাড়িতে হানা দেয় এবং অবৈধভাবে মজুত করা ৬৫ বস্তা চাল জব্দ করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদিত্য পাল জানান, "অবৈধভাবে চাল মজুত রাখায় ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত চাল দ্রুত নির্দিষ্ট গোদামে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।"

সুনামগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবিএম মুশফিকুর রহমান এ বিষয়ে বলেন, "নির্দিষ্ট বিক্রয়কেন্দ্র বা গোদাম ছাড়া অন্য কোথাও সরকারি চাল রাখার কোনো সুযোগ নেই। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad