তাহিরপুরে বারেক টিলায় প্রকাশ্যে কাটা হচ্ছে সরকারি গাছ
Led Bottom Ad

হুমকির মুখে পর্যটনের পরিবেশ

তাহিরপুরে বারেক টিলায় প্রকাশ্যে কাটা হচ্ছে সরকারি গাছ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৩/০৩/২০২৬ ১৫:২৮:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন কেন্দ্র বারেক টিলায় দিনের আলোয় প্রকাশ্যে সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুরো উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেক টিলা এলাকায় এই গাছ কাটার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল অসাধু চক্র কুড়াল দিয়ে টিলার বেশ কিছু গাছ কেটে প্রকাশ্যেই ঠেলাগাড়িতে করে নিয়ে যায়। স্থানীয়রা ঘটনাটি দেখলেও ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাননি। প্রায় ৩৬৫ একর জায়গাজুড়ে বিস্তৃত এই টিলাটি ধলাইরগাঁও বিট অফিসের আওতাভুক্ত। এক সময় প্রাকৃতিক সৌন্দর্য্য ও জীববৈচিত্র্যে ভরপুর এই টিলাটি এখন ভূমিদস্যু ও অসাধু চক্রের কবলে পড়েছে।

সচেতন মহলের অভিযোগ, গত এক যুগে বারেক টিলার ভেতরে যত্রতত্র ঘরবাড়ি নির্মাণ এবং অবাধে গাছ কাটার ফলে এই পর্যটন স্পটটি তার চিরচেনা রূপ হারাচ্ছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে টিলার পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য আজ চরম হুমকির মুখে। দ্রুত এসব অনিয়ম বন্ধ না হলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের এই সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রটি শ্রীহীন হয়ে পড়বে এবং পর্যটকদের আকর্ষণ হারাবে।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু এ বিষয়ে জানান, "গাছ কাটার বিষয়টি সম্পর্কে আমরা অবহিত হয়েছি। দ্রুতই এ বিষয়ে খোঁজখবর নিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad