সিলেট-সুনামগঞ্জে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ
Led Bottom Ad

লাপাত্তা 'কালা মানিক'

সিলেট-সুনামগঞ্জে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৩/০৩/২০২৬ ১৫:৩২:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট ও সুনামগঞ্জ জেলার শতাধিক যুবককে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে মানিক দাস ওরফে কালা মানিক নামে এক দুর্ধর্ষ প্রতারক। সৌদি আরব, মাল্টা ও পর্তুগাল পাঠানোর নাম করে দিরাই, দোয়ারাবাজার ও বিশ্বনাথসহ অন্তত ১০টি গ্রামের যুবকদের কাছ থেকে জনপ্রতি ৭ থেকে ১২ লাখ টাকা করে আত্মসাৎ করে বর্তমানে সে আত্মগোপনে রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, মানিক অত্যন্ত সুকৌশলে যুবকদের বিশ্বাস অর্জন করত। ভিসা হয়েছে বলে অনেককে ঢাকা ও ভারতে নিয়ে গেলেও সেখানে গিয়ে ভুক্তভোগীরা জানতে পারেন যে তাদের কোনো বৈধ ভিসা হয়নি। পাওনাদারদের বিশ্বাস অর্জনে সে বিভিন্ন ব্যাংকের 'ব্ল্যাঙ্ক চেক' দিলেও টাকা তুলতে গিয়ে দেখা যায় সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোতে কোনো অর্থ নেই, এমনকি অনেক অ্যাকাউন্ট সচলও নয়। দিরাই পৌরসভার ঘাগটিয়া গ্রামের টনিক দাস, নোয়াগাঁও গ্রামের জনিক দাস ও তুফায়েল আহমেদসহ বহু যুবক তাদের শেষ সম্বল জমি বন্ধক রেখে বা চড়া সুদে ঋণ নিয়ে মানিকের হাতে টাকা তুলে দিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

ভুক্তভোগী তুফায়েল আহমেদ জানান, টাকা ফেরত চাইলে মানিক নানা টালবাহানা শুরু করে এবং একপর্যায়ে মোবাইল বন্ধ করে গা ঢাকা দেয়। স্থানীয়দের অভিযোগ, একাধিক মামলা হলেও প্রশাসনের দীর্ঘসূত্রতার সুযোগে এই প্রতারক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। অভিযুক্ত মানিকের বাড়িতে গিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে বেশ কিছু মামলা ও অভিযোগ জমা পড়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। এদিকে, হারানো টাকা ফেরত ও প্রতারক মানিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন এলাকায় ভুক্তভোগী যুবকরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে চলেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad