সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নিয়ে কৃষকদের উদ্বেগ
Led Bottom Ad

অতি বৃষ্টির পূর্বাভাসে শঙ্কা

সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নিয়ে কৃষকদের উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৪/০৩/২০২৬ ১৩:২২:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধের অসমাপ্ত কাজ এবং অতি বৃষ্টির পূর্বাভাসের কারণে বোরো ধান নিয়ে কৃষকদের মাঝে তীব্র দুশ্চিন্তা দেখা দিয়েছে। আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ আগামী ২৩ মার্চের মধ্যে সিলেট ও সুনামগঞ্জে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ও আগাম পাহাড়ি ঢলের পূর্বাভাস দেওয়ায় এই শঙ্কার সৃষ্টি হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, জেলার ১২ উপজেলার ৯৫টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৫১০ হেক্টর জমিতে প্রায় ৫ হাজার কোটি টাকা মূল্যের ধান আবাদ করা হয়েছে এবং ৬০২ কিলোমিটার বাঁধ সংস্কারে ১৪৮ কোটি টাকার প্রকল্পের ৯১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তবে মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন দাবি করে কৃষকদের অভিযোগ, নির্ধারিত সময়সীমা ১৫ মার্চ পার হওয়ার দুদিন বাকি থাকলেও অনেক স্থানে বাঁধের কাজ অসম্পূর্ণ রয়েছে এবং সম্প্রতি ঝোড়ো বৃষ্টিতে অনেক বাঁধে ধসের লক্ষণ দেখা দিচ্ছে।

হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের মতে, অনেক বাঁধে নামমাত্র মাটি দিয়ে কাজ চালানো হয়েছে, যা প্রবল বৃষ্টিতে টিকিয়ে রাখা কঠিন হবে। ২০১৭ সালের ভয়াবহ ফসলহানির অভিজ্ঞতার কারণে স্থানীয় কৃষকরা এখন চরম আতঙ্কিত অবস্থায় রয়েছেন এবং সম্ভাব্য দুর্যোগের আগেই অবশিষ্ট কাজ সম্পন্ন ও কাজের গুণগত মান নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad