ভিডিও ভাইরাল
সুনামগঞ্জে চাঁদা না পেয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে চাঁদা না পেয়ে এক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও আসবাবপত্র লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার অনুসারীদের বিরুদ্ধে। রোববার (১৫ মার্চ) দুপুরে সংঘটিত এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খান স্বাধীনতার পর থেকে সরকারিভাবে ৯৯ বছরের জন্য বরাদ্দকৃত ওই জায়গায় বসবাস করে আসছিলেন, তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্থানীয় নিজাম উদ্দিন জায়গাটি দখলের পাঁয়তারা শুরু করেন।
মুক্তিযোদ্ধার বড় ছেলে আব্দুল গফফারের অভিযোগ, নিজাম উদ্দিন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন এবং তা দিতে অস্বীকার করায় রোববার দুপুরে তার নেতৃত্বে সিহাব মিয়া ও মজনু মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘরটি গুঁড়িয়ে দেয় এবং প্রায় ২০ লাখ টাকার আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
অভিযুক্ত নিজাম উদ্দিন মুঠোফোনে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা অস্বীকার করলেও জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাদী আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘর ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেছেন এবং পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: