বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ
আজ ১৭ মার্চ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বাঙালির এই মহানায়ক। পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়েরা খাতুনের আদরের ‘খোকা’ কালক্রমে হয়ে ওঠেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর ‘বঙ্গবন্ধু’।
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৫২-এর ভাষা আন্দোলন, ৬৬-র ছয় দফা, ৬৯-র গণ-অভ্যুত্থান এবং ৭০-র নির্বাচনের মধ্য দিয়ে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। তাঁরই বজ্রকণ্ঠে ১৯৭১ সালের ৭ই মার্চ ঘোষিত হয়েছিল মুক্তির অমর কবিতা, যার ধারাবাহিকতায় নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে স্বদেশ প্রত্যাবর্তন করে তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের কলঙ্কিত কালরাতে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন এই মহান নেতা। বাঙালির আত্মপরিচয় ও অধিকার আদায়ের লড়াইয়ে বঙ্গবন্ধুর অবদান চিরকাল অম্লান হয়ে থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: