সুনামগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নির্মিত হলো আধুনিক যাত্রী ছাউনি ‘মেঘবাড়ী’
সুনামগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত পয়েন্ট লঞ্চঘাট-পূর্ব ইব্রাহীমপুর খেয়াঘাটে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ও আধুনিক যাত্রী ছাউনি ‘মেঘবাড়ী’।
বুধবার (১৮ মার্চ) সকালে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আধুনিক স্থাপনাটির শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। খেয়া পারাপারের অপেক্ষায় থাকা শিক্ষার্থী, নারী, শিশু এবং বয়োবৃদ্ধদের রোদ-বৃষ্টির হাত থেকে রক্ষা করতে জেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "লঞ্চঘাট এলাকায় অবৈধ স্থাপনার কারণে সাধারণ মানুষ ও হাজারো শিক্ষার্থীর চলাচলে চরম বিঘ্ন ঘটত; আমি কথা দিয়েছিলাম এখানে আধুনিক ছাউনি নির্মাণ করব এবং অল্প সময়ের মধ্যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে আমি আনন্দিত।"
তিনি আরও উল্লেখ করেন, এটি পূর্ব ইব্রাহীমপুরবাসীর জন্য একটি ‘ঈদের উপহার’ এবং এখন থেকে রোদ-বৃষ্টিতে কাউকে খোলা আকাশের নিচে কষ্ট করতে হবে না।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পালের সঞ্চালনায় ও প্রবীণ সাংবাদিক আকরাম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান এবং সহকারী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম কয়েস।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই স্থাপনাটি জনগণের সেবার জন্য এবং এখানে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা নোংরা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্থানীয় বাসিন্দাদের এই আধুনিক স্থাপনাটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং সঠিক রক্ষণাবেক্ষণের আহ্বান জানান।
দীর্ঘদিন পর এই খেয়াঘাটে বসার সুব্যবস্থা হওয়ায় সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আকরাম উদ্দিন।
এ রহমান
মন্তব্য করুন: