পাল্টা 'হয়রানিমূলক মামলার' প্রতিবাদে এলাকাবাসী ক্ষুব্ধ
দোয়ারাবাজারে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নছরনগর এলাকায় এক শিশুকে ধর্ষণের ঘটনার বিচার চাওয়া এবং এর প্রেক্ষিতে পাল্টা 'হয়রানিমূলক মামলার' প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২৩ মার্চ) দুপুরে নছরনগর এলাকায় আয়োজিত এই মানববন্ধনে শতাধিক গ্রামবাসী অংশ নিয়ে তাঁদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৮ মার্চ বিকেলে নছরনগর চেলা নদী সংলগ্ন একটি সবজিখেতে সাত বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত আনছার আলীকে এলাকাবাসী আইনের হাতে তুলে দিলেও এখন ভুক্তভোগী পরিবার ও সহায়তাকারীদের ওপর নানামুখী চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। এলাকাবাসীর দাবি, প্রতিপক্ষ পরিকল্পিতভাবে ফসলি জমি নষ্ট করার অজুহাতে তাঁদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে হয়রানি করছে।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী শিশুর পিতা গিয়াস উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য মো. ফয়াজ মিয়াসহ বক্তারা বলেন, “আমরা একটি জঘন্য অপরাধের ন্যায়বিচার চাইতে গিয়ে এখন উল্টো উদ্দেশ্য প্রণোদিত হয়রানিমূলক মামলার শিকার হচ্ছি। নিরীহ মানুষকে এভাবে হয়রানি করা হলে সমাজে অপরাধীরা আরও পার পেয়ে যাবে।”
বক্তারা অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং মূল অপরাধী আনছার আলীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বি মো. শুরমান আলী, আ. মনাফ, ইউনুস আলী, কামাল হোসেন, শামছু মিয়া, বশির মিয়া, জাহাঙ্গীর হোসেন, ইরন আলী, আরশ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোঃ মাসুদ রানা সোহাগ
মন্তব্য করুন: