সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে সুনামগঞ্জে সমন্বিত উদ্যোগের আহ্বান
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার পাঁচটি উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সুনামগঞ্জ প্যানের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ প্যানের কো-অর্ডিনেটর নুরুল হক আফিন্টদীর সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী আব্দুস ছাত্তার ও সদর পিএফজির পিস অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম পলাশের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড কোঅর্ডিনেটর কুদরত পাশা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয় এবং অতিথিবৃন্দ ৩২ পৃষ্ঠার একটি বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন।
সভায় দিরাই, জামালগঞ্জ, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ এলাকার শান্তি ও সম্প্রীতি রক্ষা বিষয়ক বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, লেখক, কলামিস্ট ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় পর্যায়ে সহিংসতা প্রতিরোধ এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুখেন্দু সেন হারু, অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, আতিকুর রহমান চৌধুরীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পাঁচটি পিএফজি ইউনিটকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং আগামী দিনে সামাজিক সহনশীলতা প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: