শ্রদ্ধা ও আলোচনা সভায় কালরাত স্মরণ
তাহিরপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ 'গণহত্যা দিবস' উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার শিকার শহীদদের স্মরণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু এবং তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীসহ উপজেলার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা একাত্তরের সেই ভয়াল রাতের নির্মম স্মৃতির কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, ২৫ মার্চের গণহত্যা বিশ্ব ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং এই আত্মত্যাগের মহিমা তুলে ধরা অত্যন্ত জরুরি। সভায় বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: