সুনামগঞ্জে গণহত্যা দিবস পালিত : ৪৮ বীর শহীদের সমাধিতে শ্রদ্ধা
২৫ মার্চ ‘গণ গণহত্যা দিবস’ উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী ডলুরা এলাকায় ৪৮ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে এই বীর সন্তানদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ডলুরা সীমান্তে এক ভয়াবহ সম্মুখ যুদ্ধে এই ৪৮ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ডলুরার এই পুণ্যভূমি আমাদের স্বাধীনতার ইতিহাসের এক অনন্য সাক্ষী। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বীরত্বগাথা পৌঁছে দেওয়া আমাদের জাতীয় দায়িত্ব।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুজন সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন এবং জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহাম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ২৫ মার্চের কালরাতের বর্বরোচিত গণহত্যার নিন্দা জানান এবং শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: