বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন এমপি কয়ছর আহমেদ
Led Bottom Ad

বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন এমপি কয়ছর আহমেদ

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

২৬/০৩/২০২৬ ২১:৫১:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে স্যালুট প্রদান করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অনন্য সম্মান প্রদর্শন করেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এমপি কয়ছর আহমেদ তাঁর বক্তব্যে বলেন, "বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা কখনোই শেষ হওয়ার নয়; তাঁদের ত্যাগের বিনিময়েই আমরা একটি সার্বভৌম দেশ ও লাল-সবুজের পতাকা পেয়েছি।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আরও উল্লেখ করেন যে, মুক্তিযোদ্ধারা সবসময়ই জাতির কাছে শ্রদ্ধা ও স্যালুটের আসনে থাকবেন। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে একটি উন্নত ও সুন্দর বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী এবং জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি এম এ কাদিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, যাঁদের হাতে প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad