বিনা অনুমতিতে বাঁধ কাটলে আইনি ব্যবস্থা: সুনামগঞ্জ জেলা প্রশাসনের কঠোর সতর্কতা
সুনামগঞ্জে চলমান ভারি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে যত্রতত্র ফসলরক্ষা বাঁধ বা ক্লোজার কাটা বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন। রবিবার (২৯ মার্চ) সুনামগঞ্জের জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয় যে, বিনা অনুমতিতে বাঁধ কাটা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কারিগরি বিশেষজ্ঞদের মতামত ছাড়া স্থানীয়ভাবে বাঁধ বা ক্লোজার কেটে পানি নিষ্কাশনের উদ্যোগ নিলে ভবিষ্যতে বৃহত্তর এলাকার ফসলরক্ষা কার্যক্রম চরম ঝুঁকির মুখে পড়তে পারে এবং এতে কৃষি উৎপাদনের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, টানা বৃষ্টির ফলে হাওরাঞ্চলের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিলে কিছু স্থানে স্থানীয় জনসাধারণ নিজ উদ্যোগে বাঁধ কেটে পানি সরানোর চেষ্টা করছেন বলে খবর পাওয়া গেছে। এ অবস্থায় কৃষিজমির জলাবদ্ধতা নিরসনে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কৃষি কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী অথবা জেলা প্রশাসনকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, যারা এই আইন অমান্য করে সরকারি বা বেসরকারি উদ্যোগে নির্মিত বাঁধের ক্ষতি করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হাওরের বোরো ফসল রক্ষায় এবং দীর্ঘমেয়াদী জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এ রহমান
মন্তব্য করুন: