জড়িতদের অপসারণের দাবি
হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে তাহিরপুরে গণসমাবেশ
হাওর রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং অপরিকল্পিত বাঁধের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ফসলহানির প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে তাহিরপুর উপজেলা বাজারের সামনে এক বিশাল গণ-সমাবেশ কর্মসূচি পালন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে বক্তারা পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রতিটি স্তরে দুর্নীতির অভিযোগ তুলে সংশ্লিষ্টদের সুনামগঞ্জ থেকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হাওর ও নদী রক্ষা আন্দোলনের তাহিরপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক তৌহিদ আহমেদের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সদস্য সচিব রিপচান হাবিব। মাটিয়ান ও টাঙ্গুয়ার হাওরের ক্ষতিগ্রস্ত কৃষক মমিন মিয়া, ওমর আলী, আব্দুল মুকিত ও সুরুজ আলী তাঁদের বক্তব্যে অভিযোগ করেন, অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি তলিয়ে গেছে, যার দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অসাধু পিআইসিদের নিতে হবে। সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মো. রাজু আহমেদ ও সহ-সভাপতি ওবায়দুল মুন্সীসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা অতিরিক্ত বরাদ্দ ও নিম্নমানের কাজের সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে বলেন, ইতিপূর্বে অনিয়মের বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। বক্তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন, অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: