হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জে গণসমাবেশ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার পাগলা বাজারে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ শান্তিগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ইমদাদ হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেখার হাওরে অকাল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বিপুল পরিমাণ বোরো ধান তলিয়ে যাওয়ায় কৃষকের স্বপ্ন এখন হুমকির মুখে, যার জন্য অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ এবং বাঁধের কাজে ব্যাপক অনিয়ম দায়ী। পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রতিটি পর্যায়ে দুর্নীতি, অতিরিক্ত বরাদ্দ ও নিম্নমানের কাজের তথ্য প্রমাণ কর্তৃপক্ষের নজরে আনা হলেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সমাবেশে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত তালিকা প্রণয়ন করে ক্ষতিপূরণ প্রদান এবং উপজেলার খাল-নদী খনন কার্যক্রম দ্রুত শুরুর জোর দাবি জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে এবং ভবিষ্যতে টেকসই ও পরিকল্পিত বাঁধ নির্মাণ নিশ্চিত করতে হবে, অন্যথায় কৃষকদের রক্ষায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সদস্য সচিব আহমদ উসমান এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সভাপতি মো. রাজু আহমেদ, সহ-সভাপতি ওবায়দুল মুন্সীসহ স্থানীয় কৃষক প্রতিনিধি ও সমাজকর্মীবৃন্দ।
ফরহাদ আহমেদ ফয়সাল
মন্তব্য করুন: