ছাতকে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতকে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং আইডিই ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি ছাতক শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা জনস্বাস্থ্যের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও আধুনিক বিজ্ঞানের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে ডা. নুসরাত আরিফিন বিশ্ব স্বাস্থ্য দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বর্তমান সময়ে হামের চিকিৎসা ও প্রতিরোধে আমাদের অধিকতর গুরুত্ব দিতে হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, ইতিপূর্বে ইপিআই টিকাদান কর্মসূচি নিয়ে যারা নানা ধরনের গুজব ছড়িয়েছিল, বর্তমানে শিশুদের ওপর তার নেতিবাচক প্রভাব পড়ছে। তাই এসব অপপ্রচার রোধ করে সচেতনতার সাথে সরকারের স্বাস্থ্য কর্মসূচিগুলোকে সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খলিলুর রহমান, মেডিকেল অফিসার ডা. তৌফিক শাওন, ডা. শৈলেন বৈষ্ণব, ডা. আল-আমিন এবং ব্র্যাক ছাতক শাখার কর্মসূচি সংগঠক আরতী রানী নাথ ও সৌরভ দাশ শৈশব। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী কামরুল ইসলাম ও আমিরুল হকসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। সভায় তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং দুর্গম এলাকায় চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় সুধীসমাজ ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। বর্তমানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সচেতনতামূলক এই প্রচারণা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: