ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
Led Bottom Ad

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৮/০৪/২০২৬ ১৭:৩৭:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেডের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাধারণ সভা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে ছাতক শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি ও সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি নবী হোসেন লুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির আলীর পরিচালনায় ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় অধিবেশন বা সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির যাবতীয় আয়-ব্যয়ের হিসাব পেশ করেন নবনির্বাচিত কোষাধ্যক্ষ বাদশাহ মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী এখলাছ খান, উপজেলা সমবায় কার্যালয়ের অফিস সহকারী রজত কান্তি দাস এবং ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি আবুল হাসান। এছাড়া একতা বালি উত্তোলন সমিতির সভাপতি হাজি আব্দুস সাত্তারসহ নবনির্বাচিত কমিটির সদস্য বুরহান উদ্দিন, কবির আহমদ, আশরাফুল হক খেলন ও মুজিউর রহমান সভায় বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, ছাতকের ঐতিহ্যবাহী এই ব্যবসায়ী সংগঠনটি স্থানীয় ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা দেখভালের পাশাপাশি জনকল্যাণমূলক কাজেও অগ্রণী ভূমিকা পালন করে থাকে। নবনির্বাচিত কমিটির মাধ্যমে আগামী দিনগুলোতে সকল ব্যবসায়ীদের সাথে সমন্বয় রেখে ছাতকের পাথর ব্যবসার হারানো গৌরব ফিরিয়ে আনা এবং ব্যবসায়িক স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অহিদ কাজি, আনিসুর রহমান সুমন চৌধুরী, হোসাইন আহমদ ও আব্দুল মজিদসহ সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। নতুন এই কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ছাতকের পাথর ব্যবসায়ীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা ও প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক চালিকাশক্তি আরও শক্তিশালী হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad